প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
হাটহাজারীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, কনভেনশন হল ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ একরামুল হক
হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধি
জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হাটহাজারী পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) পৌর এলাকাবাসীর লিখিত ও মৌখিক অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কনক কনভেনশন হল কর্তৃপক্ষ কোনো ধরনের অনুমতি ছাড়াই গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে লাউড স্পিকার, মাইক, এম্পলিফায়ার ও মিউজিক সিস্টেম ব্যবহার করছে। অনুমোদিত মাত্রার বাইরে অতিরিক্ত শব্দ ব্যবহার করে আশপাশের জনসাধারণের শান্তি বিঘ্নিত করা ও গণউপদ্রব সৃষ্টির অভিযোগ প্রমাণিত হয়।
এ অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কনক কনভেনশন হলের ম্যানেজার মোঃ ওসমান (৩৫)-কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ম্যাজিস্ট্রেট সকল কনভেনশন হলসহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে ও নির্ধারিত শব্দমাত্রা অনুসরণ করে কার্যক্রম পরিচালনার জন্য সতর্ক করেন।
উপজেলা প্রশাসন জানায়, জনগণের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের
অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।##
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট